Logo

জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল কিনছে রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৮:৫১
জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল কিনছে রাশিয়া
ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশটির জন্য এ ঘটনাকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির পেট্রল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সঙ্গে গ্রীষ্ম মৌসুমে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।

তথ্য অনুযায়ী, মার্চ মাসে রাশিয়ায় দৈনিক পেট্রল উৎপাদন ছিল প্রায় ১ লাখ ২০ হাজার টন। জুনে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার টনে। অথচ গ্রীষ্মকালে দেশটির দৈনিক চাহিদা প্রায় ১ লাখ ১০ হাজার টন। ফলে বাজারে প্রায় ২০ শতাংশ ঘাটতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সংকটের কারণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পেট্রল সরবরাহে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। অনেক পেট্রল পাম্পে দীর্ঘ সারিও দেখা যাচ্ছে। সম্প্রতি ক্রেমলিন জানিয়েছিল, সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, জলপথে ভারত থেকে রাশিয়ায় পেট্রল পাঠানো শুরু হয়েছে। জ্বালানি খাতসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ইতোমধ্যে অন্তত ৬০ হাজার টন পেট্রল রাশিয়ায় পাঠানো হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, দুটি ট্যাঙ্কারে করে ৩০ থেকে ৪০ হাজার টন করে পেট্রল পরিবহন করা হচ্ছে।

রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানি করা হবে। এ তালিকায় প্রতিবেশী বেলারুশও রয়েছে। দেশটি থেকেও ইতোমধ্যে জ্বালানি আমদানি শুরু করেছে মস্কো।

বিজ্ঞাপন

রয়টার্সের তথ্য অনুযায়ী, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে গত এক সপ্তাহে পেট্রলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। রাশিয়ার আরও কয়েকটি অঞ্চলেও খুচরা পর্যায়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছে সাময়িকভাবে জ্বালানি বিক্রি সীমিত করেছে স্থানীয় প্রশাসন।

এ পরিস্থিতিতে ভারতসহ কয়েকটি মিত্র দেশের কাছ থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া। তবে ভারতের কোন কোম্পানি এ জ্বালানি সরবরাহ করছে, তা এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দেশের কিছু অঞ্চলে জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেন এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানান।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD