ভুল সিদ্ধান্তের পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরান

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি। তিনি বলেছেন, ইরানকে ঘিরে কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং যেকোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে।
বিজ্ঞাপন
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন আলি আবদুল্লাহি।
তিনি বলেন, খামেনির নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে।
বিজ্ঞাপন
আলি আবদুল্লাহির দাবি, আধুনিক অস্ত্রসজ্জিত হওয়া সত্ত্বেও অতীতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে দেশটির প্রতিপক্ষরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং শেষ পর্যন্ত অপমানিত হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তাই দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে।
এদিকে খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জাতীয় ঐক্যের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়াত নেতার প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে তার আদর্শ অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
বার্তায় তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিও পূর্ণ আনুগত্য প্রকাশ করেন।
সূত্র: মেহর নিউজ








