Logo

খামেনির দাফন কার্যক্রম শুরু, শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি প্রতিনিধিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১৪:০৭
খামেনির দাফন কার্যক্রম শুরু, শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি প্রতিনিধিরা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনির দাফন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তার মরদেহে শ্রদ্ধা জানাতে বিদেশি প্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হচ্ছেন।

বিজ্ঞাপন

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার ভোরে খামেনি ও তার সঙ্গীদের মরদেহ গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুই দিনের বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রথম দিকের বিদেশি অতিথিদের মধ্যে ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মরদেহে শ্রদ্ধা জানান। পাশাপাশি ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ৪০ দিনব্যাপী সংঘাতের প্রথম দিনেই মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন। তার দাফন অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ইতোমধ্যে ইরানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সীমিত পরিসরে একটি ব্যক্তিগত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এতে সাম্প্রতিক যুদ্ধে নিহতদের স্বজন, নেতার কার্যালয়ের কর্মীদের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

এক্সে দেওয়া এক বার্তায় দেশটির একজন শীর্ষ কর্মকর্তা জাতি, ধর্ম ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ব্যাপকভাবে দাফন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ আয়োজন জাতীয় ঐক্য ও ইসলামের আদর্শের প্রতি জনগণের অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে।

বিজ্ঞাপন

মেহের নিউজ জানায়, শনিবার ও রোববারও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলবে। সোমবার তেহরানে একটি বড় শোক র‍্যালির আয়োজন করা হবে। এরপর মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে। পরবর্তী সময়ে ইরাকের বাগদাদ, কারবালা ও নজফেও কয়েকটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবশেষে আগামী ৯ জুলাই মাশহাদে খামেনিকে দাফন করা হবে।

সূত্র: মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD