Logo

বাবার শেষ বিদায়েও কেন নেই মোজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৭:০৯
বাবার শেষ বিদায়েও কেন নেই মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ে লাখো মানুষের উপস্থিতি থাকলেও অনুষ্ঠানে দেখা যায়নি তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, মোজতবার অনুপস্থিতির পেছনে মূল কারণ নিরাপত্তা উদ্বেগ।

তার ভাষ্য, ইরানের আশঙ্কা ছিল, জানাজার মতো বড় সমাবেশকে লক্ষ্য করে ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এবং সেই হামলার লক্ষ্য হতে পারেন দেশটির শীর্ষ নেতারা। অতীতেও রাজনৈতিক নেতাদের টার্গেট করতে এ ধরনের পরিস্থিতি ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তবে মুসগ্রাভের মতে, নিরাপত্তা ঝুঁকি থাকলেও দেশের সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কয়েক মাস ধরে মোজতবাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে ইরানের উচিত এমন একটি উপায় বের করা, যাতে জনগণ বুঝতে পারে দেশের সর্বোচ্চ নেতা আড়ালে নন, বরং রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতা যৌক্তিক হতে পারে, তবে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার তার মরদেহবাহী কফিন সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে হাজারো মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD