মোদীজি, দেশ আপনার বাবার না: কেজরিওয়াল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, দেশের জনগণ চাইলে ‘স্বৈরাচারী শাসনের’ উপযুক্ত জবাব দিতে সক্ষম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি মোদী সরকারের কর্মকাণ্ডের সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত ব্রিটিশ সেনা কর্মকর্তা জেনারেল রেজিনাল্ড ডায়ারের আচরণের তুলনা করেন।
কেজরিওয়াল বলেন, মোদী সরকারের অধীনস্থ পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া সবার বিরুদ্ধে মামলা করা হবে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘মোদীজি, এই দেশ আপনার বাবার নয়, এটি ১৪০ কোটি মানুষের। ভয়ভীতি দেখানো বন্ধ করুন। না হলে দেশের মানুষ এমন জবাব দেবে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, মানুষের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে বর্তমান সরকার ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদেরও ছাড়িয়ে গেছে। তার দাবি, স্বাধীনতা আন্দোলনের সময়ও ব্রিটিশরা যেভাবে আচরণ করেনি, তার চেয়ে কঠোরভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর উল্লেখ করে কেজরিওয়াল বলেন, এক ভিডিওতে দেখা গেছে কয়েকজন পুলিশ সদস্য রাস্তার পাশে দাঁড়িয়ে নিরীহ পথচারী শিক্ষার্থীদের লাঠিপেটা করছেন। আরেকটি ভিডিওতে শান্তিপূর্ণভাবে বসে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়।
জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন বর্বরতা আগে দেখা যায়নি। তার ভাষ্য, অনেকেই বলছেন জেনারেল ডায়ারের কর্মকাণ্ডকেও বর্তমান পরিস্থিতি ছাপিয়ে গেছে।
বিজ্ঞাপন
আপ প্রধান আরও অভিযোগ করেন, দিল্লি পুলিশ বহু তরুণের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে এবং আটক ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও পরিবারের সদস্যদের জানানো হচ্ছে না।
তিনি জানান, আন্দোলনকারী ও তাদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা দিতে দলটির পক্ষ থেকে আইনজীবীদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি একটি হেল্পলাইনও চালু করা হয়েছে।
কেজরিওয়াল বলেন, প্রয়োজনে আন্দোলনকারীদের পক্ষে দেশের শীর্ষ আইনজীবীদের সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। এই দেশ কোনো হুমকিতে মাথা নত করবে না।’
বিজ্ঞাপন
বিক্ষোভে নিজের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে কেজরিওয়াল জানান, জরুরি কাজে তাকে পাঞ্জাবে যেতে হয়েছিল। তবে তার ছেলে ও মেয়ে কয়েক ঘণ্টা বিক্ষোভে অংশ নিয়েছেন এবং পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের মুখোমুখিও হয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








