শিক্ষার্থীদের আন্দোলনে পানির বোতল-রুটি ও সবজি দিচ্ছে সাধারণ মানুষ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। তারা বিক্ষোভস্থলে খাবার ও পানীয় নিয়ে গিয়ে শিক্ষার্থীদের সহায়তা করছেন।
বিজ্ঞাপন
সোমবার শিক্ষার্থীরা সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করলে বিভিন্ন বয়সী মানুষ তাদের জন্য বিরিয়ানি, বার্গার, রুটি, সবজি ও পানির বোতল নিয়ে হাজির হন।
পাঞ্জাবের ৫৬ বছর বয়সী স্বেচ্ছাসেবক গুরিন্দর সিং আন্দোলনকারীদের মধ্যে রুটি ও সবজি বিতরণ করেন। তিনি বলেন, “ওরা আমার সন্তানের মতো। আমরা চাই তারা সুস্থ থাকুক। সামনে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।”
এদিন সকালেই এক নারী প্যাকেটভর্তি বার্গার এবং ফ্লাস্কে করে চা নিয়ে বিক্ষোভস্থলে আসেন, যা আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক বিক্ষোভকারী দ্য প্রিন্টকে জানান, আগের রাতে ইন্টারনেট সংযোগ না থাকায় তারা খাবার অর্ডার করতে পারেননি। পাশাপাশি হামলার আশঙ্কায় অনেকেই বাইরে বের হতেও ভয় পেয়েছিলেন। তবে সোমবার সকাল থেকে বহু প্রবীণ ও সাধারণ মানুষ নিজেরাই খাবার নিয়ে এসে তাদের পাশে দাঁড়ান।
শুধু খাবারই নয়, অনেক মধ্যবয়সী ও বয়স্ক মানুষ কার্টনভর্তি পানির বোতল নিয়ে যন্তর মন্তরের আশপাশে অবস্থান করেন। বিক্ষোভস্থলের দিকে যাওয়া আন্দোলনকারীদের হাতে তারা একটি করে পানির বোতল তুলে দেন।
বিজ্ঞাপন
ঋতু নামের এক নারী বলেন, “অনেক তরুণ এই আন্দোলনে অংশ নিয়েছে। প্রচণ্ড গরমে তারা যেন সুস্থ থাকতে পারে, সেই চিন্তা থেকেই আমরা পানি ও খাবার নিয়ে এসেছি।”
চলমান আন্দোলনে সাধারণ মানুষের এমন সংহতি শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দ্য প্রিন্ট








