গাজায় ইসরায়েলি হামলায় পুলিশপ্রধানসহ নিহত ৬

গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৭ জন। নিহতদের মধ্যে গাজার উত্তর গভর্নরেটের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমাও রয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি ও প্যালেস্টাইন ক্রনিকলস।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫৪ বছর বয়সী আল-মাকাদমা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩১৭ জনে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-নুর স্টেডিয়ামের কাছে একটি বাড়িতে বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। এছাড়া আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন স্থানে পৃথক ড্রোন হামলায় আরও একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯১ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮৫৩ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮০৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে ইসরায়েল তাদের ভাষায় ‘গণহত্যামূলক যুদ্ধ’ অব্যাহত রেখেছে।








