ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের ধারাবাহিকতায় এ সিদ্ধান্তকে নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না।
ওই কর্মকর্তা বলেন, একজন জ্যেষ্ঠ কূটনীতিকের ভিসা বাতিল করা হয়েছে, কিন্তু এর অর্থ তাকে দেশ থেকে বহিষ্কার করা নয়। ব্রাজিল যদি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত-মনোনীত প্রার্থী ড্যানি পেরেজকে অনুমোদন দেয়, তাহলে রিবেইরো ভিয়োত্তির ভিসা পুনর্বহাল করা হবে।
তিনি আরও জানান, পেরেজের বিষয়ে ব্রাজিলের সম্মতি না দেওয়া পর্যন্ত রাষ্ট্রদূত ভিয়োত্তি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। ব্রাজিলের অনুমোদন পাওয়া গেলে তার ভিসাও ফিরিয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
ব্রাজিলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ড্যানি পেরেজকে মনোনয়ন দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ব্রাজিল সরকার এখনো তার নিয়োগে সম্মতি দেয়নি। ওয়াশিংটনের ক্ষোভের মধ্যেই ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিলের সিদ্ধান্ত সামনে এলো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর রিপাবলিকান দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পেরেজকে গত জুনে রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়া হয়। তবে মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ অনুমোদন এখনো পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের আগেই পেরেজের মনোনয়নের ঘোষণা প্রকাশ্যে দিয়েছিলেন ট্রাম্প। ব্রাজিলের অভ্যন্তরীণ সূত্রের মতে, এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনের শামিল। আনুষ্ঠানিক অনুমোদনের আগে পেরেজের মনোনয়ন যাচাই-বাছাই করার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।
ব্রাজিলের অনুমোদন ছাড়া পেরেজ দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।
রাষ্ট্রদূতদের নিয়ে দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে গত মাসে ব্রাজিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়। দেশটির আশঙ্কা ছিল, ওই মার্কিন প্রতিনিধিদল ব্রাজিলের নির্বাচনব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যে কাজ করতে পারে। আগামী অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা








