Logo

জাপানের সমালোচনার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ১৮:৪২
জাপানের সমালোচনার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

জাপানের সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগের সমালোচনার মধ্যেই জাপান সাগর অভিমুখে স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেটি জাপান সাগর নামেও পরিচিত।

সিউল ও ওয়াশিংটনের সামরিক কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট ধরন ও সক্ষমতা যাচাই করছে। একই সঙ্গে সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গেও তথ্য বিনিময় করছে দেশটি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু উৎক্ষেপণ করা হয়েছে। তবে এটি জাপানের উপকূলীয় এলাকায় কোনো প্রভাব ফেলেনি বলে নিশ্চিত করেছে টোকিও।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি জাপান তার সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি চলতি সপ্তাহে বলেছেন, আঞ্চলিক পরিস্থিতির জরুরি অবস্থা ও সংকটের গভীরতা বিবেচনায় জাপানের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, জাপানের সামরিক পরিবর্তনের জবাব হিসেবে পিয়ংইয়ং আরও সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিজ্ঞাপন

২০১৯ সাল থেকে উত্তর কোরিয়া নিজেকে অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। জাপানের সাম্প্রতিক প্রতিরক্ষা মূল্যায়নেও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকির বিষয়টি উঠে এসেছে।

এদিকে চলতি মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের মহড়ার বিরোধিতা করে আসছে এবং এগুলোকে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জেসিএস জানিয়েছে, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় যেকোনো উসকানির জবাব দিতে দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD