পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, স্ত্রীসহ আইসিইউতে

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটের দিকে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে সকাল ৯টার দিকে ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলেও বর্তমানে ইমরান হায়দার ও নাইমা ইমরানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।








