Logo

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আহ্বান ৮ শিপিং সংস্থার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ২০:৪১
হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আহ্বান ৮ শিপিং সংস্থার
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের টোল বা বাধ্যতামূলক ফি আরোপ না করার আহ্বান জানিয়েছে বিশ্বের শীর্ষ আটটি শিপিং সংস্থা। এ বিষয়ে জাতিসংঘের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজকে পাঠানো চিঠিতে সংস্থাগুলো বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে অর্থ আদায়ের অনুমতি দেওয়া হলে তা আন্তর্জাতিক রীতিনীতি ও নৌচলাচলের স্বীকৃত অধিকারের পরিপন্থী হবে। এর পাশাপাশি এমন পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জাহাজের মালিক ও পরিচালনাকারীদের প্রতিনিধিত্বকারী এসব সংগঠন সোমবার চিঠিটি জাতিসংঘে পাঠায়। বুধবার সেটি প্রকাশ্যে আসে। চিঠিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনো চার্জ কিংবা টোলের সমতুল্য পরিষেবা ফি চালু করা হলে তা প্রচলিত আন্তর্জাতিক রীতিনীতি থেকে বড় ধরনের বিচ্যুতি তৈরি করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিপিং সংস্থাগুলোর মতে, এর প্রভাব শুধু বিশ্ব বাণিজ্যে তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত প্রণালিগুলো পরিচালনা ও নৌচলাচলের ক্ষেত্রে বিদ্যমান আন্তর্জাতিক আইনি কাঠামোও দুর্বল হয়ে পড়তে পারে।

চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌচলাচলের অধিকারকে কোনো বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হিসেবে ক্ষুণ্ন করা বা ব্যবহার করা উচিত নয়। হরমুজে স্থায়ী টোল ব্যবস্থা চালু হলে জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে।

সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এর প্রভাবের মানবিক মূল্যও দিতে হতে পারে, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলবে। তাই আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা করা জরুরি।

বিজ্ঞাপন

চিঠিতে স্বাক্ষর করেছে এশিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল, ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ড্রাই কার্গো শিপওনার্স, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেনডেন্ট ট্যাংকার ওনার্স এবং ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। তার মতে, এমন ব্যবস্থা বৈশ্বিক নৌপরিবহনের জন্য অত্যন্ত নেতিবাচক নজির তৈরি করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক নৌপথে কোনো দেশ টোল, অর্থপ্রদান বা মাশুল আরোপের অধিকার রাখে না।

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর ইরান হরমুজ প্রণালিতে কার্যত একটি সামুদ্রিক ‘টোল বুথ’ স্থাপন করে। পরে মে মাসে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে তেহরান এই শুল্কব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দেয়।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD