Logo

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, কী নিয়ে হতে পারে আলোচনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ আগস্ট, ২০২৬, ১৫:৫৩
হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, কী নিয়ে হতে পারে আলোচনা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক দিনের এই সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আঞ্চলিক পরিস্থিতি ও দুই দেশের পারস্পরিক সম্পর্কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এসব বৈঠকে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ানের সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করেন। তবে তখন সফরের বিস্তারিত কর্মসূচি বা আলোচনার বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলি’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন।

দুরান বলেন, এই সফরকালে প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আঞ্চলিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সামুদ্রিক নিরাপত্তা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা। যদিও এসব বিষয়ের বিস্তারিত নিয়ে আঙ্কারা এখনো নীরব রয়েছে।

এখন কেন সৌদি সফর?

গত ফেব্রুয়ারিতে এরদোয়ানের রিয়াদ সফরের সময়ও তুর্কি-সৌদি অক্ষ গঠনের অনুরূপ আলোচনা হয়েছিল। তবে তখন এ ধরনের কোনো জোটকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের এই সফরের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগর হয়ে নৌচলাচল সুরক্ষিত করার লক্ষ্যে সৌদি আরব একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করার মাত্র এক সপ্তাহ পরেই এই সফর হচ্ছে। ইতোমধ্যে তুরস্ক ও পাকিস্তানসহ চৌদ্দটি দেশ এ উদ্যোগে সমর্থন জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD