শেখ হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না: ভারত

বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় ভারতে। এ ঘটনায় ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এর দুই দিন পর বিষয়টি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, শেখ হাসিনার ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। একই সঙ্গে ওই অনুষ্ঠানে বাংলাদেশের সরকারকে নিয়ে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর প্রতিও নয়াদিল্লির কোনো সমর্থন নেই বলে জানান তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, ওই প্রেস ব্রিফিং একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা ভূমিকা ছিল না। তিনি বিষয়টি পুনরায় স্পষ্ট করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেখ হাসিনা ও অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অন্য ব্যক্তিদের বক্তব্য প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ওই প্রেস ব্রিফিংয়ে দেওয়া কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারকে নিয়ে সেখানে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোর প্রতিও ভারতের কোনো সমর্থন নেই।
এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওই অনুষ্ঠানে দাবি করেন, ভারতের পূর্ব সীমান্তের দেশ বাংলাদেশ এখন পাকিস্তানের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে এবং সেখানে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে।
এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ভারত তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখে। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে বলেও জানান তিনি।








