এবার গোমূত্র কিনছে ভারত সরকার, লিটারপ্রতি দাম ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে চালু হওয়া এই প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রমে যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটার গোমূত্র সংগ্রহের জন্য ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার মনে করছে, প্রকল্পটি কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত উপার্জনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর পরিচর্যায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
বিজ্ঞাপন
প্রাথমিক পর্যায়ে বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হয়েছে। কার্যক্রম সফল হলে পরবর্তী সময়ে আরও বিস্তৃত এলাকায় প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে।
তবে সরকারি এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি। দলটির পক্ষ থেকে প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি








