Logo

পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৫
পবিত্র নগরী মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথিরা
ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত করার সৌদি নেতৃত্বাধীন জোটের দাবির পর মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথি-পরিচালিত সাবা বার্তা সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হুথিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ইয়েমেন মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির ভাষ্য অনুযায়ী, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়।

আল-ফারাহ অভিযোগ করেন, ইয়েমেনের সংঘাত থেকে মানুষের দৃষ্টি সরাতেই সৌদি আরব মক্কাকে লক্ষ্য করে হামলার এমন দাবি করছে। একই সঙ্গে মক্কা ও অন্যান্য পবিত্র স্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার দাবি, যুদ্ধ, অবরোধ ও দখলের মতো কর্মকাণ্ডের পরও নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে সৌদি আরব এখন সংকটের মুখে পড়েছে। নিজেদের নীতির পরিণতি থেকে দৃষ্টি সরাতে এবং ইয়েমেনের বিরুদ্ধে মুসলমানদের উসকে দিতে এমন প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংঘাত বন্ধে যুদ্ধ অবসান, অবরোধ প্রত্যাহার এবং দীর্ঘদিনের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের জন্য ইয়েমেনিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান আল-ফারাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগ্রাসন’ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনকে স্বাধীনভাবে চলার সুযোগ দেওয়াই সংকট সমাধানের পথ। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আল-ফারাহ আরও বলেন, সংঘাত অব্যাহত রাখলে সৌদি আরব এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।

মক্কার কাছে ড্রোন প্রতিহত করার ঘটনায় সৌদি জোট ও হুথিদের বক্তব্য পরস্পরবিরোধী। সৌদি পক্ষ ড্রোনটিকে হুথিদের পাঠানো বলে দাবি করলেও হুথিরা সেই অভিযোগ অস্বীকার করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD