Logo

সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হুথিদের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৪
সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হুথিদের হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের ইয়ানবুতে সৌদি আরামকোর অবকাঠামো এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। বুধবার (১৬ সেপ্টেম্বর) তারা জানায়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

হুথিদের সামরিক মুখপাত্রের বিবৃতির বরাতে আলজাজিরা জানিয়েছে, ইয়ানবুর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর সেখানে বড় ধরনের আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

দ্বিতীয় হামলায় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করা হয় বলেও জানিয়েছে হুথিরা। এ হামলাতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি তাদের।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলা বেড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছিল। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের হামলায় দেশটির কয়েকটি শহরে বেসামরিক মানুষ আহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথিদের অগ্রযাত্রার পর সৌদি আরব ও গোষ্ঠীটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হুথিরা লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ায় বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের খবরও সামনে এসেছে। রয়টার্স জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় গত সপ্তাহান্তে মাস্কাটে মার্কিন দূতাবাসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হুথিরা মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার পরিকল্পনা না থাকার কথা জানালেও সৌদি মালিকানাধীন বা সৌদি পণ্য পরিবহনকারী জাহাজকে এ ধরনের ছাড় না দেওয়ার অবস্থান জানিয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD