Logo

পরাজয় ঢাকতে ‘হলিউডি স্টাইলের’ গল্প তৈরি করছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০০
পরাজয় ঢাকতে ‘হলিউডি স্টাইলের’ গল্প তৈরি করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, যুদ্ধের বাস্তবতা ও পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র ‘হলিউডি স্টাইলের’ গল্প তৈরি করছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট উদ্ধারের বর্ণনা নিয়ে এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ওই উদ্ধার অভিযানের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মোহেব্বি বলেন, পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্রের এমন সিনেমার মতো কাহিনি তৈরি করার অভ্যাস নতুন নয়। তার দাবি, বিভিন্ন ঘটনার অংশ একত্র করে এমন বর্ণনা তৈরি করা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের প্রকৃত চিত্র পরিবর্তন করতে পারে না।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কল্পনায় বারবার জয়ের দাবি করেছেন। আইআরজিসির এই মুখপাত্রের ভাষ্য, এ ধরনের বর্ণনা দিয়ে যুদ্ধের বাস্তবতা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে ওই এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায় বলে আইআরজিসি দাবি করেছে। মোহেব্বির মতে, এসব দৃশ্য ও গল্প প্রচার করেও যুদ্ধের বাস্তবতা বদলানো সম্ভব নয়।

মার্কিন বর্ণনায় কী বলা হয়েছে

বিজ্ঞাপন

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনধারী এক মার্কিন এয়ারম্যান তার উদ্ধার অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন। CBS-এর প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ইরানের আকাশে একটি মার্কিন এফ-১৫ই বিমান ভূপাতিত হওয়ার পর দুই সদস্যের ক্রু আলাদা হয়ে যান। পাইলট ‘আলফা’ দ্রুত উদ্ধার হলেও ‘ব্রাভো’ গুরুতর আহত অবস্থায় ইরানের দুর্গম এলাকায় প্রায় দুই দিন আত্মগোপনে ছিলেন।

CBS জানায়, বিমানটি ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুই সদস্যই ইজেক্ট করেন। ‘ব্রাভো’র প্যারাশুট ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি দ্রুতগতিতে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে প্রায় ৭ হাজার ফুট উচ্চতার একটি পাহাড়ি রিজে উঠে তিনি আত্মগোপন করেন।

মার্কিন সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তাকে উদ্ধারে ৯০ জনের বেশি মার্কিন সেনা মাটিতে অভিযান চালায়। আকাশ ও অন্যান্য সহায়তা মিলিয়ে এটি ছিল বড় পরিসরের একটি উদ্ধার অভিযান। CBS এটিকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম বড় ও জটিল যুদ্ধকালীন উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

তবে আইআরজিসির মুখপাত্র মোহেব্বি মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত এই বর্ণনাকে ‘হলিউডি’ গল্প হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন, এর মাধ্যমে যুদ্ধের প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD