Logo

ইয়েমেনে সেনাবাহিনী-হুথি-সৌদি সংঘাতে একদিনেই ৬৩ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৭
ইয়েমেনে সেনাবাহিনী-হুথি-সৌদি সংঘাতে একদিনেই ৬৩ জন নিহত
ছবি: সংগৃহীত

ইয়েমেনের দুই প্রদেশে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনি সেনাবাহিনী ও সৌদি বিমানবাহিনীর সংঘর্ষে মাত্র ২৪ ঘণ্টায় ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এসব সংঘাতে উভয় পক্ষের সেনা ও যোদ্ধারা হতাহত হয়েছেন। সেনাবাহিনী এবং হুথি গোষ্ঠীর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

ইয়েমেনি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলের দুই প্রদেশে হুথিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৩ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি বাহিনীর সূত্র জানিয়েছে, সৌদি বিমানবাহিনীর অভিযান এবং ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের ৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন।

আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর পর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখলে নেওয়ার দাবি করে হুথি যোদ্ধারা। বিষয়টি সৌদি আরবের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান পরিচালনা করছে সৌদি আরব। হুথি বিদ্রোহীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত সৌদি বিমানবাহিনী ইয়েমেনে ১৩০টিরও বেশি বিমান অভিযান পরিচালনা করেছে।

এর মধ্যে গত ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। ভিডিওতে দেখা যায়, ভূপাতিত একটি সৌদি যুদ্ধবিমানের চারপাশে হুথি যোদ্ধারা জড়ো হয়েছেন। এ সময় তারা সবাই উচ্চকণ্ঠে একযোগে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছেন।

বিজ্ঞাপন

হুথি গোষ্ঠীকে দমন করতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক সহযোগিতা চেয়েছিলেন। তবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলমান থাকায় এই মুহূর্তে সৌদি আরবকে মার্কিন সামরিক সহযোগিতা দেওয়া সম্ভব হচ্ছে না।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD