হরমুজ প্রণালি খুলে দেবে ইরান, যেসব শর্ত দিলো আমেরিকাকে

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি সাত দিনের মধ্যেই খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। তবে এর বিনিময়ে আমেরিকাকে সামরিক আগ্রাসন কমাতে হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বিজ্ঞাপন
এর আগে রবিবার ইরান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, আমেরিকা এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে সীমাহীন প্রতিশোধ নেওয়া হবে বলেও ওই সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তেহরান।
ডনের প্রতিবেদনে বলা হয়, ওই শীর্ষ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে তারা চলমান সমস্যার সমাধান কূটনৈতিক উপায়ে করতে চায়। একই সঙ্গে কীভাবে এ বিষয়ে অগ্রসর হওয়া যায়, সে বিষয়ে একটি রূপরেখাও দিতে হবে।
তিনি আরও জানান, বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে রয়েছে এবং আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাদের পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেছেন, ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু, জাতির প্রয়োজনে ইরান সমঝোতার জন্যও তৈরি। আলোচনার টেবিলও আরেকটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, এক্ষেত্রে যেটা বাস্তব সেটা হচ্ছে, আমরা যুদ্ধের জন্য শতভাগ প্রস্তুত। আইআরজিসি নিজেকে লম্বা যুদ্ধের জন্য তৈরি করেছে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রতিনিধিদলের উপস্থিতির মধ্যেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের বিষয়টি সামনে এসেছে।








