ইরান সংকট সমাধানের নতুন পথ দেখালেন ডোনাল্ড ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সংকট ও মধ্যপ্রাচ্যের সামরিক অস্থিরতার মধ্যে বিকল্প জ্বালানি ও বাণিজ্যপথ তৈরির ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গে বহুপাক্ষিক বৈঠকে তিনি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর বা আইএমইসি প্রকল্পের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা ও আঞ্চলিক সংঘাত মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর জন্য বিকল্প পথ তৈরির প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। তাঁর মতে, ইরান-সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ রুট এড়িয়ে তেলসহ জ্বালানি পরিবহনে বিকল্প অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে পাইপলাইনসহ বিভিন্ন বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।
২০২৩ সালে জি-২০ সম্মেলনের সময় ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে আইএমইসি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। এর লক্ষ্য ভারত, উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও অবকাঠামোগত সংযোগ বাড়ানো। পরিকল্পনায় রেল ও সমুদ্রপথের সমন্বিত পরিবহন ব্যবস্থার পাশাপাশি জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোর উন্নয়নের বিষয় রয়েছে।
ইরান প্রসঙ্গে ট্রাম্প তাঁর কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটির ওপর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। একই বক্তব্যে তিনি ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথা উল্লেখ করে দাবি করেন, ওই মার্কিন অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মার্কিন প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর মাধ্যমে ইরানের অর্থনৈতিক যোগাযোগ ও রাজস্বের উৎসগুলো বিচ্ছিন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে ইরান সংকট ঘিরে কূটনৈতিক তৎপরতাও চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে, তবে এর জন্য যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো ও অবরোধ প্রত্যাহারের শর্ত দিয়েছে। ফলে সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিকল্প বাণিজ্যপথের পাশাপাশি কূটনৈতিক আলোচনাও সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।








