ড. ইউনূসকে জড়িয়ে ধরে ছবি পোস্ট, আদর্শ ও প্রিয় বন্ধু বললেন কেরি কেনেডি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকারকর্মী কেরি কেনেডি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির ভাতিজি কেরি কেনেডি দীর্ঘদিন ধরেই ড. ইউনূসের পরিচিত।
বিজ্ঞাপন
সাক্ষাতের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন কেরি কেনেডি। ছবিতে ড. ইউনূসকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। পোস্টে তিনি ড. ইউনূসকে নিজের ‘আদর্শ ও প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেন।
কেরি কেনেডি লেখেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরে আমার আদর্শ ও প্রিয় বন্ধু, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন ড. ইউনূস। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
কেরি কেনেডির সঙ্গে ড. ইউনূসের দীর্ঘদিনের পরিচয় রয়েছে। সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচন নিয়ে কাজের সূত্রে তাদের যোগাযোগ গড়ে ওঠে বলে বিভিন্ন সময় জানিয়েছেন ড. ইউনূস।
ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
জাতিসংঘের এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি সামাজিক ব্যবসা, তরুণদের অংশগ্রহণ ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিয়েও আলোচনা হচ্ছে।








