Logo

‘ইসরায়েল-ফিলিস্তিন উভয় রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৮
‘ইসরায়েল-ফিলিস্তিন উভয় রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম’
ছবি: সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে আবারও জোরালো অবস্থান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিন—দুই রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও যুক্তরাজ্যের আয়োজনে ‘দ্য রোড অ্যাহেড’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, স্বাধীন, গণতান্ত্রিক, ভৌগোলিকভাবে সংযুক্ত, কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্তগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।

গুতেরেসের মতে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, নতুন বসতি স্থাপন এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও সংকুচিত করছে। তিনি বিশেষভাবে পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই পথ

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিব বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ। এই সমাধানের ভিত্তি হবে ১৯৬৭ সালের আগের সীমারেখা, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আগের চুক্তিগুলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি চারটি বিষয়ে জোর দেন—ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করা, ভূখণ্ড সংযুক্তীকরণ ঠেকানো, ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দেওয়া এবং দখলদারত্বের অবসান ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

গুতেরেস আরও বলেন, গাজা ও পশ্চিম তীরকে একটি বৈধ ফিলিস্তিনি সরকারের অধীনে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে ঐক্যবদ্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন

জেরুজালেম হবে উভয়ের রাজধানী

জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবিত চূড়ান্ত কাঠামোতে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিরাপদ ও স্বীকৃত সীমান্তের মধ্যে পাশাপাশি অবস্থান করবে। এ কাঠামোতে জেরুজালেম হবে উভয় রাষ্ট্রের রাজধানী।

গুতেরেস বলেন, “এর কোনো বিকল্প নেই। সময় ফুরিয়ে আসছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রত্যাশীদের জন্য দুই রাষ্ট্রের প্রতি সমর্থন শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; এর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের এই কাঠামো জাতিসংঘের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘের নথিতে ইসরায়েল ও ফিলিস্তিনকে পাশাপাশি দুটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে জেরুজালেমকে উভয়ের রাজধানী করার কথা উল্লেখ রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD