Logo

ইরান যুদ্ধের মাঝে আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৪
ইরান যুদ্ধের মাঝে আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের সময় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সদস্যদের মধ্যে অন্তত আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এক আইনপ্রণেতাকে দেওয়া চিঠিতে এ তথ্য জানিয়েছেন। তবে এ সময়ে কোনো আত্মহত্যার ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সেনাদের মানসিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি মোতায়েনের পরিস্থিতি নিয়ে মার্কিন সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে কাও এ তথ্য দেন। তার চিঠিতে বলা হয়েছে, আটটি আত্মহত্যার চেষ্টার সংখ্যা শুধু ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে ক্যারিয়ারের ক্রু, এয়ার উইং, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সহযোগী ডেস্ট্রয়ার এবং বিভিন্ন বিমান স্কোয়াড্রনের সদস্যরা রয়েছেন।

ইউএসএস আব্রাহাম লিঙ্কন ২০২৫ সালের ২১ নভেম্বর সান ডিয়েগো থেকে যাত্রা করে। দীর্ঘ এই মোতায়েনের বড় একটি সময় মধ্যপ্রাচ্যে কাটিয়েছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি। যুদ্ধের কারণে নির্ধারিত সময়ের চেয়েও মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়। পরে ১ সেপ্টেম্বর থাইল্যান্ডে নোঙর করে জাহাজটির সদস্যরা।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, যুদ্ধকালীন দায়িত্ব এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। জাহাজটিতে খাবার ও সরবরাহসংক্রান্ত সমস্যা এবং দীর্ঘ সময় বন্দরে না ফেরার বিষয় নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়। তবে মার্কিন নৌবাহিনী আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার দাবি নিয়ে আগে সতর্ক অবস্থান নিয়েছিল এবং জাহাজে মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা থাকার কথা জানিয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাওয়ের চিঠিতে অন্তত দুটি ঘটনার বিস্তারিতও উঠে এসেছে। মার্চে এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে থামিয়ে দেন। আগস্টে আরেক নাবিক সমুদ্রে পড়ে গেলে অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে তাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে প্রায় ৬ থেকে ৭ হাজার নৌসদস্য বিভিন্ন জাহাজে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই মোতায়েনের সময় মানসিক চাপ ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে আটটি আত্মহত্যার চেষ্টার তথ্য প্রকাশ্যে এলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD