যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধই থাকবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পার্শ্ববৈঠকে ইরানের পক্ষ থেকে এসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে বড় পরিসরে কোনো আলোচনা হবে না। তেহরান আগের কূটনৈতিক অবস্থান বা জুনে করা সমঝোতার শর্তেও ফিরে যাবে না বলে জানান তিনি।
এর আগে ২২ সেপ্টেম্বর এক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার—দুই বিষয়ই সাম্প্রতিক পরোক্ষ আলোচনায় উঠে এসেছে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধের পথ নিয়ে এখনও বেশ কিছু মতপার্থক্য রয়েছে।
রেজাই আরও সতর্ক করে বলেছেন, ইরানের বিমান চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করতে কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা করলে তাদের বিমানবন্দরও ইরানের পদক্ষেপের আওতায় আসতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির অচলাবস্থা ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। বৃহস্পতিবার রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত না থাকায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।








