ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার গতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বাড়ে।
বিজ্ঞাপন
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৫১ ডলারে উঠেছে। দিনের শুরুতে একপর্যায়ে এর দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির কার্যক্রম, অবরোধ ও নিষেধাজ্ঞা নিয়ে ইরানের অবস্থান বাজারে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ বাড়াচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে আন্তর্জাতিক বাজারে ডিজেলের সরবরাহ নিয়েও চাপ তৈরি হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে প্রধান উৎপাদক দেশগুলোর সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে উঠেছে।
এর আগে কূটনৈতিক অগ্রগতির আশায় তেলের দাম কিছুটা কমেছিল। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় শুরু হওয়াও বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি করেছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনো তেলের বাজারে বড় প্রভাব ফেলছে।
বাজার বিশ্লেষকদের দৃষ্টিতে, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার পরবর্তী অগ্রগতি, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তই আগামী দিনগুলোতে তেলের দামের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








