শি জিনপিংকে টাকমাথা ঈগলের ভাস্কর্য উপহার ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে শিকে দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে এই উপহার তুলে দেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট ও দেশটির জনগণের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনারা সত্যিই অসাধারণ মানুষ। বেইজিং সফরের সময় চীনের জনগণের আতিথেয়তা ছিল দারুণ। এক দশকেরও বেশি সময় পর আপনি ওয়াশিংটনে ফিরেছেন। আমরা একই সম্মান আপনাকে দেখাতে চাই।’
যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক ব্যবস্থা আলাদা হলেও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা দুই দেশের নেতা হিসেবে বুঝি যে আমাদের ব্যবস্থা আলাদা। কিন্তু আমাদের জনগণের সম্পর্ক অটুট এবং আমরা কখনো এত ভালোভাবে একসঙ্গে কাজ করিনি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভাষণের শেষে শি-কে টাকমাথা ঈগলের একটি ভাস্কর্য উপহার দিয়ে ট্রাম্প বলেন, এই পাখি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এবং আমেরিকার স্বাধীন ও উড়ন্ত চেতনার প্রতীক।
তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি-কে একজন অসাধারণ মার্কিন শিল্পীর তৈরি এই উপহারটি দিচ্ছি। তিনি বিশ্বের অন্যতম সেরা শিল্পী। ভাস্কর্যটি তৈরির নকশায় মেলানিয়া ও আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি।’
একইসঙ্গে ভাস্কর্যটি বেইজিংয়ে ‘সুন্দর ও সম্মানজনক’ কোনো স্থানে রাখা হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
অপরদিকে শি জিনপিং বলেন, তিনি ও ট্রাম্প বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেছেন এবং ‘অনেক বিষয়ে অভিন্ন বোঝাপড়ায়’ পৌঁছেছেন। ফলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন কৌশলগত দিকনির্দেশনা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি শি।
শি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে।’
দুই দেশের মধ্যে সম্পর্ক পরিচালনায় ‘নতুন পদ্ধতি’ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজটি ছিল ‘ব্ল্যাক-টাই’ আয়োজন। এতে প্রযুক্তি ও ব্যবসা খাতের বেশ কয়েকজন শীর্ষ নির্বাহী উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, অ্যালফাবেটের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং।








