Logo

হঠাৎ রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৯
হঠাৎ রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো সৌদি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সপ্তাহের জন্য সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে আকস্মিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ সৌদি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) অভিভাবকদের কাছে পাঠানো ই-মেইলে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ জানায়, সৌদি কর্তৃপক্ষের নির্দেশে পুরো সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে শিক্ষার্থীদের দূরশিক্ষণ বা রিমোট লার্নিংয়ের মাধ্যমে পাঠদান করা হবে।

এএফপির হাতে আসা দুটি পৃথক ই-মেইলে স্কুল কর্তৃপক্ষ জানায়, সৌদি কর্তৃপক্ষ তাদের স্কুলগুলোকে পুরো সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কেন এমন নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে ই-মেইলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

হঠাৎ এমন সিদ্ধান্তে রিয়াদে বসবাসকারী অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক এএফপিকে বলেন, একটি সিদ্ধান্ত যখন পুরো স্কুল কমিউনিটিকে এক সপ্তাহের জন্য প্রভাবিত করে, তখন পরিবারগুলোর বিষয়টির কারণ সম্পর্কে স্পষ্ট যোগাযোগ ও স্বচ্ছতা পাওয়ার অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিয়াদে বসবাসকারী এক লেবানিজ প্রবাসীও সিদ্ধান্তটিকে শেষ মুহূর্তের বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কী ঘটছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

এদিকে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার মধ্যেই স্কুল বন্ধের এই সিদ্ধান্ত এসেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সঙ্গে এসব নিরাপত্তাজনিত পরিস্থিতির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

স্কুল বন্ধের এক দিন আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর জুলাইয়ে হুথিদের হামলা নতুন করে শুরু হয়। পরবর্তী সময়ে ইয়েমেনের সংঘাত মধ্যপ্রাচ্যের বিস্তৃত সামরিক উত্তেজনার সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে।

সৌদি আরবে হুথিদের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও উদ্বেগ জানিয়েছে। পরিষদের পক্ষ থেকে এসব হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এতে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।

তবে রিয়াদের স্কুলগুলো এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্তের প্রকৃত কারণ এখনো সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD