মৃত্যুর পরও মাকে ছাড়েনি ২ শাবক হাতি, ছবি ভাইরাল

ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পড়ে থাকা মা হাতির সঙ্গে তার দুই শাবককে জড়িয়ে থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা মাঠের মধ্যে পাশাপাশি পড়ে থাকা তিনটি হাতির দেহ দেখতে পান। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল মা হাতির দেহের সঙ্গে দুই শাবকের জড়িয়ে থাকা। মৃত্যুর পরও শাবক দুটি মায়ের শরীর থেকে আলাদা হয়নি।
প্রাথমিকভাবে বন অধিদপ্তরের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তিনটি হাতির মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে একটি হাতির দল যাওয়ার সময় চাষের জমিতে পানি দেওয়ার জন্য বসানো বিদ্যুৎচালিত পাম্পের তারের সংস্পর্শে আসে তারা। জমির উপর দিয়ে যাওয়া ওই বিদ্যুতের তার থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে ঠিক কীভাবে তিনটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হলো, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বন অধিদপ্তর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। অভিযোগ রয়েছে, ফসল রক্ষার জন্য কোথাও কোথাও জমির চারপাশে বিদ্যুতের তার ব্যবহার করা হয়। অতীতেও এমন তারের সংস্পর্শে এসে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
এবারের ঘটনায় জমির উপর দিয়ে যাওয়া পাম্পের বিদ্যুতের তারের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন বন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সূত্র: আনন্দবাজার








