পশ্চিমবঙ্গের পাঠ্যবইয়ে বদল, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কিবতা

পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন সংশোধিত সিলেবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতা বাদ দিয়ে সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিবাজী উৎসব’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। সনাতনী পরম্পরা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দেবাশিস চট্টোপাধ্যায় জানান, ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতার সমালোচনা ও তার যে চিত্র তুলে ধরা হয়েছে, সেটির পরিবর্তে ‘শিবাজী উৎসব’ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাঁর ভাষ্য, সনাতনী ধারাকে অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই এই পরিবর্তন করা হয়েছে।
সাহিত্য ও ইতিহাসের পাঠ্যবইয়ে দেশাত্মবোধের বিষয়টিকেও নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে। নাটকের অংশে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবার পতন’ যুক্ত করা হচ্ছে। এর ফলে সিলেবাস থেকে বাদ পড়বে ‘সিরাজদৌল্লা’ নাটকটি।
এ ছাড়া মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অংশ সংক্ষিপ্ত করে জাতীয়তাবাদী আন্দোলনকে পাঠ্যবইয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্যবাদ বা কমিউনিজম-সংক্রান্ত বিস্তারিত অধ্যায়ও সংকুচিত করা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভাষাগত সংস্কারের অংশ হিসেবে ‘পানি’, ‘আব্বা’ ও ‘আম্মু’র মতো কিছু শব্দ পাঠ্যবই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।
পাঠ্যসূচির পরিবর্তনের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আলোচিত কয়েকটি বিষয়ও। শিক্ষার্থীদের পরিচিত ‘কন্যাশ্রী’ প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া ‘সিঙ্গুর আন্দোলন’-এর ইতিহাসও নতুন বইয়ে রাখা হচ্ছে না।
২০০৬ সালে সিঙ্গুরে টাটার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন গড়ে ওঠে। পরে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়। এর পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিজ্ঞাপন
তবে সংশোধিত পাঠ্যক্রম অনুযায়ী, আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন বইয়ে সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রীর মতো বিষয়গুলো আর থাকছে না।








