Logo

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা, নেতানিয়াহুকে থামালেন সেনাপ্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬, ১৪:১২
নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা, নেতানিয়াহুকে থামালেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। প্রস্তাবিত অভিযান ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানোর প্রস্তাব ঘিরে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। তবে প্রস্তাবিত অভিযানের ধরন কিংবা সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এমন সংবেদনশীল সময়ে ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়ানো হলে তার রাজনৈতিক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সামরিক সূত্রগুলো। নির্বাচনে সুবিধা নিতে ইরান ইস্যু ব্যবহার করা হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা তুলে ধরা হয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান আইয়াল জামির প্রস্তাবিত সামরিক অভিযান নিয়ে আরও বিস্তারিত আলোচনা এবং রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে লিখিত আইনগত অনুমোদন চেয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে অভিযান চালানো হলে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি ভুল হিসাব কিংবা পরিস্থিতির ভুল মূল্যায়ন থেকে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাপ্রধানের সঙ্গে বিরোধের খবর নাকচ করেছেন। ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাদের মধ্যে কোনো সংঘাত নেই।

এদিকে, নির্বাচনি সুবিধা অর্জনের জন্য ইরান ইস্যু ব্যবহার করার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন রাজনৈতিক কর্মকর্তারা। একই সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করতে তিনি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা সম্ভাব্য সামরিক অভিযানটি ইরানের সরকার উৎখাতের এই পরিকল্পনার অংশ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নেতানিয়াহুর দাবি, ইরান আবারও তাদের পারমাণবিক কর্মসূচি চালু করেছে। তিনি ইসরায়েলের আসন্ন নির্বাচনকে দেশটির অস্তিত্ব রক্ষার প্রশ্ন হিসেবে উপস্থাপন করেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ছবিটিতে তেল আবিবের আকাশে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সম্ভাব্য কী ধরনের বিপদ তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক করতেই ছবিটি প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

ইরানকে ঘিরে নেতানিয়াহুর বক্তব্য ও এআই-নির্মিত ছবি প্রকাশের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকেরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিরোধী নেতা গাদি আইজেনকট ও ইয়ার গোলান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে নেতানিয়াহু জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। তাদের দাবি, ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগকে নির্বাচনি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তবে নেতানিয়াহু ও তার রাজনৈতিক শিবির এসব অভিযোগ অস্বীকার করেছে। ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ, সেনাবাহিনীর উদ্বেগ এবং নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্ক—সব মিলিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD