ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন দখলে এগোচ্ছে হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল হুথি যোদ্ধারা। তাদের অগ্রযাত্রা ঠেকাতে এডেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।
বিজ্ঞাপন
শহরটির চারপাশে পরিখা খনন, বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ এবং বিভিন্ন স্থানে দুর্গ গড়ে তোলার কাজ করছেন সরকারি বাহিনীর সেনারা। তবে হুথি যোদ্ধারা আরও সামনে এগিয়ে এলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি বিদ্রোহীরা লাহজ প্রদেশের দুটি জেলা দখলে নিয়েছে। সেখান থেকে তারা এডেনের দিকে অগ্রসর হচ্ছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে হুথি যোদ্ধারা আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছেন। এ স্থানটি এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। শহরটি থেকেই সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও ভূখণ্ড দখলের লক্ষ্যে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে সংঘাতে জড়িয়ে আছে গোষ্ঠীটি।
বিজ্ঞাপন
এদিকে হুথিদের এডেনমুখী অগ্রযাত্রার মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি এবং সেখানকার একটি বিমানবন্দর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাদের অন্য এলাকায় পুনরায় মোতায়েন করা হচ্ছে।
সরকারি বাহিনী সরে যাওয়ার পর ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছে হুথিদের সামরিক শাখার একটি সূত্র।
সূত্র: এএফপি








