Logo

খালেদা জিয়ার মৃত্যুতে শুরু হলো তিন দিনের রাষ্ট্রীয় শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:০০
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু হলো তিন দিনের রাষ্ট্রীয় শোক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। এই শোক পালন চলবে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনেও পতাকা অর্ধনমিত থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া শুক্রবার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD