বাংলাদেশের অপার সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরবে বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ বাংলাদেশের অপার সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি সব দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২ জানুয়ারি) বাসসের মাধ্যমে প্রকাশিত এক বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, মেলা দেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং উৎপাদিত পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি অনন্য প্ল্যাটফর্ম। মেলার মাধ্যমে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ক্রেতাসাধারণ দেশের পণ্য সম্পর্কে ধারণা লাভ করবেন, একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তারা বৈশ্বিক বাজারের মান, নকশা ও প্রবণতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।
আরও পড়ুন: পররাষ্ট্র উপদেষ্টা / আমরাই নির্বাচনের আয়োজন করছি, বহির্বিশ্বের কোনো চাপ নেই
তিনি জানান, প্রথমে মেলার উদ্বোধন ১ জানুয়ারি হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, মেলার মাধ্যমে দেশের অর্থনীতি সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশের পণ্যের রপ্তানি বৃদ্ধি সম্ভব। পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও ডিআইটিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের আশা, সব অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে মেলাটিকে সুন্দর, ক্রেতাবান্ধব এবং উৎসবমুখর করবে।
আরও পড়ুন: ক্লোন ও নকল মোবাইল ফোন শনাক্তে নতুন পদক্ষেপ নিল সরকার
তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাসব্যাপী এ মেলা দেশের উৎপাদিত মানসম্মত পণ্য দেশি-বিদেশি দর্শক ও ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।
ডিআইটিএফ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং মেলার সাফল্য কামনা করেন।








