Logo

ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৫:৫৫
ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে হরমুজ প্রণালি থেকে ফিরে গেল বাংলাদেশি জাহাজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও নিরাপত্তাজনিত কারণে ফের পারস্য উপসাগরে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে জাহাজটি প্রণালির মধ্যেই আটকা পড়ে।

বিজ্ঞাপন

জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। এমভি বাংলার জয়যাত্রা ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে কাতারের একটি বন্দরে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে পরের দিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

বিএসসি সূত্রে জানা গেছে, ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে জাহাজটি কুয়েতের একটি বন্দরে নতুন পণ্যবোঝাই করার জন্য যাত্রা শুরু করে। ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে নাবিকরা ক্ষেপণাস্ত্র হামলার খবর পান।

বিজ্ঞাপন

পরে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে জাহাজটিকে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। ফলে জাহাজটি পূর্বের অবস্থানে ফিরে আসে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় নোঙর করছে। হরমুজ প্রণালির মধ্যেই থাকায় পরবর্তী ট্রিপে কাতার থেকে নতুনভাবে পণ্যবোঝাই করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য বিএসসি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD