Logo

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৯:৪৬
পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। এ লক্ষ্যে তারা সাক্ষাতের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে যান। উদ্দেশ্য ছিল প্রশাসনিক জটিলতা, বঞ্চনা এবং তাদের ন্যায্য দাবিগুলো সরাসরি তুলে ধরা।

বিজ্ঞাপন

তবে আনুষ্ঠানিক সাক্ষাতের অপেক্ষা ছাড়াই হঠাৎ করেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে দেখা করার সুযোগ পান। আকস্মিক এই সাক্ষাতে কর্মকর্তারা সরাসরি তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো প্রথাগত আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি তাদের বক্তব্য গ্রহণ করেন এবং মনোযোগ দিয়ে শোনেন বলে জানা গেছে।

সাক্ষাতের সময় চিকিৎসকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার নানা দিক তুলে ধরেন। তারা অভিযোগ করেন, প্রশাসনিক বৈষম্য ও পদোন্নতি সংক্রান্ত জটিলতার কারণে তারা পেশাগত ও ব্যক্তিগতভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে বিষয়টি মানবিক সংকটের দিকেও গড়িয়েছে বলে তারা প্রধানমন্ত্রীর নজরে আনেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারপ্রধান চিকিৎসকদের বক্তব্য গুরুত্বসহকারে গ্রহণ করেছেন এবং বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাদের দেওয়া লিখিত আবেদনও তিনি গ্রহণ করেছেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘ সময় ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা ও জ্যেষ্ঠতার শর্ত পূরণ করার পরও পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে অযৌক্তিকভাবে তাদের পদোন্নতি আটকে রাখা হয়।

বিজ্ঞাপন

এই পরিস্থিতির ফলে প্রশাসনিক কাঠামোয় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বলেও তারা উল্লেখ করেন। অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন, যা কর্মপরিবেশে অস্বাভাবিকতা সৃষ্টি করছে বলে দাবি সংশ্লিষ্টদের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD