রাশিয়ায় ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

রাশিয়ার সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে।
বিজ্ঞাপন
বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা কোনো ধরনের সমস্যায় পড়লে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ই-মেইল সেবা চালুর ঘোষণাও দেন তিনি। এ সেবার মাধ্যমে প্রবাসীরা সরাসরি অভিযোগ ও সমস্যার তথ্য জানাতে পারবেন।
আরিফুল হক চৌধুরী জানান, লিখিত অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকেই নতুন এই সেবার কার্যক্রম শুরু হবে।
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ নেই। দায়িত্বে থাকা অবস্থায় এমন কোনো চক্রকে সক্রিয় হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এ সময় মন্ত্রণালয়ের সেবার মান উন্নয়ন এবং প্রবাসীদের জন্য আরও কার্যকর ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার কথাও জানান মন্ত্রী।








