Logo

বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৬, ১৪:৪১
বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে রংপুর ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। যেসব এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে, সেখানে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি মোটামুটি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া উত্তরাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা এবং যমুনেশ্বরী নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং উজান থেকে আরও ঢল নামলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD