Logo

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১২:৫০
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি পুরো জাদুঘর পরিদর্শন করবেন। পরদিন ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘরের উদ্বোধন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি এবং আত্মত্যাগ সংরক্ষণের লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণ কিংবা এর ব্যবস্থাপনা নিয়ে যদি কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তবে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উদ্বোধনের দিন বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সময়ের চাহিদা ও নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে ভবিষ্যতে জাদুঘরটি আরও সমৃদ্ধ ও আধুনিক করা হবে, যাতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আরও বিস্তৃতভাবে সংরক্ষণ করা যায়।

এদিকে, জাদুঘরে প্রবেশের নিয়ম সম্পর্কে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন অর্থাৎ ৫ আগস্ট জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ দর্শনার্থীরা ৬ আগস্ট থেকে নির্ধারিত টিকিটের মাধ্যমে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

সংশ্লিষ্টদের মতে, এই জাদুঘরের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকবে। একই সঙ্গে এটি গবেষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD