তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শপথের পর তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় পার্থসহ আরও তিনজন নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর নতুন চার মন্ত্রিসভা সদস্যকে শপথ পড়ানো হবে বলে জানা গেছে।
পার্থ ছাড়া নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাব্য অন্য তিন সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বিজ্ঞাপন
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করে। ১৮ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের দিন ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
বিজ্ঞাপন
ওই দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর গত ২ জুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। পরবর্তী সময়ে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হলেও নতুন করে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। এবার চারজন নতুন সদস্য যুক্ত হওয়ার মধ্য দিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।








