সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে মহাপরিচালক

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরিবারের আর্থিক চাপ কমাতে তাঁর ব্যাংকঋণের বকেয়া পরিশোধে সহায়তা দিয়েছে বাহিনী।
বিজ্ঞাপন
গত ৫ জুলাই ২০২৬ মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত কর্মকর্তার পরিবারের হাতে আরও ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে চেকটি তুলে দেন। এই অর্থ দিয়ে মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।
চেক হস্তান্তরের সময় নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
এ সময় মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, বিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বিজ্ঞাপন
বাহিনীর এমন উদ্যোগে নিহত কর্মকর্তার পরিবারের ওপর থাকা আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।








