Logo

ফায়ার সার্ভিসের ১২ তলা আবাসিক ভবন নির্মাণের কাজ উদ্বোধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৮:২৮
ফায়ার সার্ভিসের ১২ তলা আবাসিক ভবন নির্মাণের কাজ উদ্বোধন
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা বাড়াতে মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে ১২ তলা বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় মিরপুরে নির্মাণাধীন প্রথম ভবনটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান। পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্ত প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) মো. নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার নূর-এ আসমানি।

বিজ্ঞাপন

প্রকল্প পরিচালক মো. ছরোয়ার হোসেন তার বক্তব্যে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস, গণপূর্ত, পিডব্লিউডি ও স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

সবশেষে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবন নির্মাণের সময় ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখার নির্দেশনা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে নির্মাণস্থলের মাটি কেটে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে ভবনটির নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশায় উপস্থিত সবাই মুনাজাতে অংশ নেন। মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে আরও একটি বহুতল আবাসিক ভবন। সেটি রাজধানীর সদরঘাট ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD