Logo

অর্থনৈতিক অংশীদারত্বে জোর দিচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৫:০১
অর্থনৈতিক অংশীদারত্বে জোর দিচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো, বস্ত্রশিল্প, পানি ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর এবং কৃষিপণ্যের সরবরাহব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমা। এ সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ উঠে আসে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ নিজেদের আগ্রহের কথা জানায়। নেদারল্যান্ডসের মন্ত্রী সামুদ্রিক বাণিজ্যবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। এ ছাড়া বস্ত্র ও পানি খাতের সম্ভাবনা যাচাইয়ে ভবিষ্যতে সফরের বিষয়েও আলোচনা হয়। আগামী ৫০ বছরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষ থেকে জাহাজ নির্মাণ, সেমিকন্ডাক্টর ও তৈরি পোশাকশিল্পে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা বাড়ানোর অনুরোধে নেদারল্যান্ডসের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈশ্বিক সংকটের প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনায় অগ্রগতি অর্জনেও নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।

পানি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সহযোগিতার প্রশংসা করেন উভয় দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পানি ও বদ্বীপ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পানি ব্যবস্থাপনাকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা, অভিবাসন এবং বহুপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্ব এবং জাতিসংঘ সংস্কার কার্যক্রমের অগ্রগতিও আলোচনায় স্থান পায়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD