Logo

ফিজিতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়াতে তিন প্রস্তাব সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:১৭
ফিজিতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়াতে তিন প্রস্তাব সরকারের
ছবি: সংগৃহীত

ফিজির শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াতে বাংলাদেশে ফিরে আসার বাধ্যবাধকতা তুলে নেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রূপান্তরের প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সৌজন্য সাক্ষাতে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ফিজির দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু অথবা রূপান্তরের প্রক্রিয়া তিন মাসের পরিবর্তে আরও কম সময়ে সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নের জন্য যেন দেশে ফিরে আসতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া কূটনৈতিক চ্যানেলে পাঠানো সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার বিষয়েও ফিজির সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি এভিয়েশন খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশি কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। ফিজিতেও বাংলাদেশি কর্মীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদী।

বিজ্ঞাপন

বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ফিজিতে কর্মী পাঠাতে সরকারের তিন প্রস্তাব

ফিজির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে তিনটি প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী।

বিজ্ঞাপন

প্রথমত, ফিজিতে কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের পেশাগত দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, তার সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশকে দিতে হবে। এতে চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা সম্ভব হবে।

দ্বিতীয়ত, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি নিয়োগের চাহিদা নির্ধারণ ও প্রক্রিয়া ত্বরান্বিত করতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।

তৃতীয়ত, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ এবং তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোচনার মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে উদ্যোগ বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও অনুকূল পরিবেশে কাজ করতে পারেন, পাশাপাশি তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, সে বিষয়েও ফিজি সরকারের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাবনা দেখছে ফিজি

জবাবে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার দেশটির নাগরিকদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দেয়। ফলে উচ্চশিক্ষা শেষ করে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবহাওয়া ও সংস্কৃতির মিল থাকায় বাংলাদেশি কর্মীদের জন্য ফিজিতে ভালো কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সরকারের উত্থাপিত প্রস্তাব ও অনুরোধগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন হাইকমিশনার।

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন। চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ বাংলাদেশি কর্মী দেশটিতে গেছেন।

বিজ্ঞাপন

তিনি ফিজির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে পাঠানোর প্রস্তাব দেন। এ ক্ষেত্রে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে আগ্রহী কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD