প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ, নেই জাঁকজমক আয়োজন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।
বিজ্ঞাপন
দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন রাখছে না বিএনপি। কেক কাটা, পোস্টার-ব্যানার প্রদর্শন কিংবা আড়ম্বরপূর্ণ আলোচনা সভার মতো কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত কয়েক বছর ধরেই জন্মদিন পালনে এমন সংযমী অবস্থান অনুসরণ করছেন বিএনপির নেতাকর্মীরা।
তবে এবারের জন্মদিন তারেক রহমানের রাজনৈতিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়া এবং সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলায় এসেছে বড় পরিবর্তন। একসময় বিদেশে অবস্থান করে দল পরিচালনা করা এই নেতা এখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক পরিমণ্ডলেই তারেক রহমানের পথচলা শুরু। পারিবারিক পরিচিতি তাঁকে রাজনীতিতে প্রাথমিক অবস্থান দিলেও দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক প্রতিকূলতা, বিতর্ক ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাঁকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রবাসে থাকাকালে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে। এ সময় রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাও সামনে আনেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায় শুরু হয়। এর ধারাবাহিকতায় দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দেশে ফেরার পর দলীয় কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হন তারেক রহমান। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপিকে সংগঠিত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি।
বিজ্ঞাপন
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তারেক রহমান। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে দোয়া ও অন্যান্য কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন, রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচনী সাফল্যের মধ্য দিয়ে তারেক রহমানের জীবনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বাঁক। বিরোধী রাজনীতি থেকে সরকারপ্রধানের দায়িত্বে উত্তরণের পর ৬২তম জন্মদিনটি তাঁর রাজনৈতিক জীবনের নতুন বাস্তবতায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।








