Logo

বিনা টিকিটে ভ্রমণ: ৪ লাখ টাকা জরিমানা গুনলেন ২ হাজার যাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৭
বিনা টিকিটে ভ্রমণ: ৪ লাখ টাকা জরিমানা গুনলেন ২ হাজার যাত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হয়েছে। একদিনে দেশের বিভিন্ন ট্রেনে পরিচালিত এই অভিযানে প্রায় দুই হাজারের বেশি যাত্রীকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে শনাক্ত করা হয়। অভিযানের পর তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট চার লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করেছে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে মোট ৬৮টি ট্রেনে টিকিট যাচাই কার্যক্রম চালানো হয়। এতে টিকিটবিহীন অবস্থায় ভ্রমণকারী ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানার অর্থ আদায় করা হয়।

অন্যদিকে, একই দিনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত আলাদা অভিযানের তথ্যও প্রকাশ করা হয়েছে। এতে ৯৪ জন টিকিট পরীক্ষক ৬৪টি ট্রেনে দায়িত্ব পালন করেন। এই অভিযানে টিকিট ছাড়া ভ্রমণকারী হিসেবে শনাক্ত হন মোট ২ হাজার ৭৩৫ জন যাত্রী।

বিজ্ঞাপন

পূর্বাঞ্চলের অভিযানে ভাড়া বাবদ আদায় করা হয় ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয় ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। ভাড়া ও জরিমানা মিলিয়ে ওই দিন রেলওয়ের মোট আয় দাঁড়ায় ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে টিকিট কেটে ভ্রমণের সচেতনতা বাড়াতে এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ট্রেনযাত্রায় শৃঙ্খলা ফেরাতে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD