চট্টগ্রামে আইস কেনাবেচার সময় ‘জামায়াত নেতা’ গ্রেফতার

চট্টগ্রামে ক্রিস্টাল মেথ (আইস) কেনাবেচার সময় এক কথিত ‘জামায়াত নেতা’সহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
নগরের ষোলশহর এলাকার ফিনলে স্কয়ার নামের একটি শপিং মলে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ২৭ বছর বয়সী মো. সাজ্জাদুর রহমান সাকিব এবং ২৬ বছর বয়সী মো. আবু ফয়সাল। স্থানীয়দের অনেকে দাবি করেছেন, সাকিব ফটিকছড়ি থানার জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের অফিস সম্পাদক হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন। তিনি গণমাধ্যমকে জানান, সাকিবের সঙ্গে বর্তমানে দলের কোনো সম্পর্ক নেই। তার ভাষ্য অনুযায়ী, কলেজ জীবনে তিনি ছাত্র সংগঠন শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও এখন আর কোনো রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় নন এবং দলের কোনো পদেও নেই।
চট্টগ্রাম মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল সোমবার ফিনলে স্কয়ারের সপ্তম তলায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে কৌশলে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ফটিকছড়ির বাসিন্দা ওমানপ্রবাসী এক ব্যক্তি তাদের কাছে এসব মাদক পাঠিয়েছিলেন।








