Logo

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১০
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ আয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানিয়েছে, নিয়োগ, বদলি ও সরকারি কেনাকাটায় সিন্ডিকেটভিত্তিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে গঠিত এই কমিটি অভিযোগগুলো অনুসন্ধান করবে।

দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের আদেশ করিয়ে ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগের কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের স্থানে পদায়নের জন্য আরও দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দুদক সূত্র আরও জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন, উপসচিব মো. মাসুম আহমেদ এবং যুব উন্নয়ন বিভাগের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়েছে, ওই চক্রের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কার্যক্রমে অনিয়ম করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে অভিযুক্তরা বিলাসবহুল জীবনযাপন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে অনুসন্ধান করবে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের ভূমিকা আরও যাচাই করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD