Logo

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২৬
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে জোরালো বার্তা দিয়েছেন, তাতে বিএনপি সম্পূর্ণ আশ্বস্ত।

ফখরুল বলেন, “ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুব স্পষ্ট এবং জোরালো বার্তা ছিল। এ বিষয়ে আমাদের আর কোনো সংশয় নেই। আমরা নিশ্চিত, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা খুশি হয়েছি এজন্য যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকেও সরকারের কাজে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যকে তুলে ধরা, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি অনন্য উদ্যোগ, যেটিকে আমরা সর্বাত্মকভাবে সমর্থন করেছি। আমাদের নেতা তারেক রহমানও একে সমর্থন জানিয়েছেন।”

পিআর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমরা নিম্নকক্ষ পিআরের পক্ষে নই, ওপরের দিকেও পিআরের কথা বলিনি। তবে এ বিষয়ে পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান বের করা যেতে পারে।”

বিজ্ঞাপন

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD