এনসিপির দরজা সবার জন্য খোলা: সারজিস আলম

বিএনপি বা অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, যে কেউ বিএনপি বা অন্য কোনো দলে যুক্ত থাকলেও যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে দেশের রাজনীতিতে অংশ নিতে চায়, তাহলে তাকে এনসিপিতে আসার আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চাঁদাবাজির মতো অপসংস্কৃতিকে ধারণ করে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ টেকসই হতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনীতি গ্রহণ করতেই হবে।
এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, অতীতে যেই দলেই থাকুক না কেন, কেউ যদি ফ্যাসিবাদ বা কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত না থাকে এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী না হয়, তাহলে তাদের নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এনসিপি সবাইকে নিয়ে একটি নতুন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায় এবং বিভিন্ন নির্বাচনে অংশ নিতে সহযোগিতার আশ্বাসও দিচ্ছে।
তিনি বলেন, পুরোনো রাজনৈতিক সিন্ডিকেট ভেঙে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
একই অনুষ্ঠানে তারেক রহমান প্রসঙ্গে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, দেশে ফেরার ক্ষেত্রে তার শর্ত ও প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণের পরিষ্কার ধারণা থাকা দরকার। তিনি আরও দাবি করেন, কিছু আন্তর্জাতিক বিষয় ও যোগাযোগ নিয়ে স্বচ্ছতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সরকার পরিবর্তনের পর বিভিন্ন কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় অগ্রগতি থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও অগ্রগতি দেখা যাচ্ছে না, যা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।








