মে দিবসে ঢাকায় শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানী ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শ্রমিক দলের নেতারা। পরে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ মে ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে, যা ঐতিহাসিক রূপ নেবে বলে আশা করছে সংগঠনটি।
আরও পড়ুন: এনসিপির দরজা সবার জন্য খোলা: সারজিস আলম
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঢাকার শ্রমিকদের একটি বড় অংশ এখনও সংগঠিত নয়। দুই ভাগ শ্রমিককে সংগঠিত করতে পারলেই সমাবেশ সফল করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ওইদিন বিকেল আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার ও চেতনার দিন। এ দিবসকে ঘিরে শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। ১ মে’র সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এটি একটি বড় সমাবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা।








